লন্ডন: বড় আসরে ‘চোকড’ হয়ে যাওয়ার একটা প্রবণতা বরাবরই আছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দলের। এটা থেকে তারা বের হতে পারছে না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বুধবার শক্তিশালী ইংলিশ দলের মুখোমুখি হওয়ার সময়টাতে প্রোটিয়ারা নিজেদের শরীর থেকে ‘চোকার’ ট্যাগটা খুলে ফেলতে চেষ্টার কোনো ত্রুটি করবে না।
অন্যদিকে নিজেদের মাঠে খেলছে ইংল্যান্ড। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা যেতেই পারে।
‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসাবে সেমির টিকিট পেয়েছে ইংল্যান্ড। যে কারণে ‘বি’ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জনকারী প্রোটিয়াদের সামনে পাচ্ছে তারা। ওভালে গত সোমবার অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে সেমির টিকিট পাওয়া শ্রীলংকানরা বৃহস্পতিবার কার্ডিফের দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন তথা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মোকাবেলা করবে।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচটা বৃষ্টিতে ভাসিয়ে নেয়ার কারণে শ্রেয়তর রান রেটের ভিত্তিতে সেমিফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। বড় আসরে দূর্দান্তভাবে শুরু করে প্রতিশ্রুতির স্বাক্ষর রাখলেও একটা পর্যায়ে ব্যর্থ হওয়াটা প্রোটিয়াদের অভ্যাসে পরিণত হয়েছে। অথচ বাংলাদেশের রাজধানী ঢাকায় ১৯৯৮ সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি (পরবর্তীতে নক আউট বিশ্বকাপ নামে পরিচিত)’র শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকানরাই।
এরপর থেকে আর কোনো বড় টুর্নামেন্টেই সেমির বাধা টপকানো হয়নি প্রোটিয়াদের। অথচ প্রতিটা বড় আসরেই তারা খেলতে নামে ফেভারিট হিসাবে। ইংল্যান্ডের বিপক্ষে এবার ভালো কিছু করতে আপ্রাণ চেষ্টা চালাবে দক্ষিণ আফ্রিকা।
যাইহোক, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বটা প্রোটিয়াদের মিশ্রভাবে কেটেছে। ভারতের কাছে প্রথম ম্যাচে পরাজয়ের পর পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাড়িয়ে জয় তুলে নেয় গ্যারি কার্স্টেনের শিষ্যরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা বৃষ্টির কারণে টাই হয়।
প্রোটিয়াদের জন্য খুশীর খবর হচ্ছে, পেস তারকা ডেল স্টেইন ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। শরীরের মাংশপেশীতে টান পড়ার কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে খেলা হয়নি তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিস্ফলা ম্যাচে ৩৩ রানে দুই উইকেট শিকারের মধ্য দিয়ে প্রমাণ করেছেন, কেন তিনি বিশ্বের সেরা পেসার।
ইংল্যান্ড (সম্ভাব্য একাদশ): অ্যালিস্টার কুক (অধিনায়ক), ইয়ান বেল, জোনাথন ট্রট, জো রুট, ইয়ন মরগান, জস বাটলার (উইকেটকিপার), রবি বোপারা, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, জেমস এন্ডারসন।
দক্ষিণ আফ্রিকা (স্কায়াড): এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক ও উইকেটরক্ষক), হাশিম আমলা, ফারহান বেহারডিয়ান, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, কলিন ইনগ্রাম, ররি ক্লেইনভেল্ডট, রায়ান ম্যাকলরেন, ডেভিড মিলার, মর্নে মরকেল, আলভিরো পিটারসন, রবিন পিটারসন, অ্যারন ফাংগিসো, ডেল স্টেইন, লোনওয়াবো সোতসোবো।
নতুন বার্তা/এসডি/জাই
...