সিডনি : আগামী মাসে শুরু হতে যাচ্ছে অ্যাশেজ সিরিজ। তবে সিরিজ মাঠে গড়ানোর পূর্ব পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে ইংলিশ ক্রিকেট দলের খেলোয়াড়দের নিষেধ করেছেন কোচ এন্ডি ফ্লাওয়ার।
সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের বিষয়ে কোনো ক্রিকেটার যদি গণমাধ্যমকে কোনো সাক্ষাৎকার দেয় কিংবা টুইটারে কিছু লেখে তবে সংশ্লিষ্ট খেলোয়াড়কে শৃংখলা ভঙ্গের দায়ে শাস্তি ভোগ করতে হবে।
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-সূত্র জানায়, ফ্লাওয়ার চাচ্ছেন অ্যাশেজ সিরিজ নিয়ে গণমাধ্যমে কথা বলার পরিবর্তে দলের খেলোয়াড়রা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতি মনোবিবেশ করুক।
পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ইংল্যান্ড দলের গত মার্চে নিউজিল্যান্ড সফরের সময়ই ফ্লাওয়ার এ নিষেধাজ্ঞা জারি করেন এবং তার কথা অমান্য করলে শাস্তি ভোগ করতে হবে বলে খেলোয়াড়দের সতর্ক করে দেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইজ্জতের লড়াইয়ে আলোচনা কিংবা বিব্রতকর কোনো মন্তব্য করে খেলোয়াড়রা অমনোযোগী হয়ে যেতে পারে বলে শংকিত ফ্লাওয়ার।
সিডনি মর্নিং হেরাল্ডের রিপোর্টে আরো বলা হয়, নিজ দলের জন্য ইংল্যান্ডে অনুষ্ঠেয় অ্যাশেজ শিরোপা, ২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপ, ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শীপ এবং ২০১৭ সালের মহিলা বিশ্বকাপ চারটি বড় শিরোপা জয়ের কঠিন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ফ্লাওয়ার ও তার সহযোগী স্টাফরা।
নতুন বার্তা/এসডি/জাই
...