করাচি : পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান জাকা আশরাফ বলেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ স্পট ফিক্সিংয়ে পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে এবং কেন তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ার্স প্যানেল থেকে বাদ দেয়া হয়েছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না।
আসাদ রউফ স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বলে পুলিশ সন্দেহ করছে। অবশ্য এখনো এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পিসিবি প্রধান বলেছেন, “রউফকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্যানেল থেকে প্রত্যাহার করা হয়েছে বলে আমাদের জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু কি কারণে ভারতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এখন পর্যন্ত সে বিষয়ে আমরা জানি না।”
জাকা আশরাফ বলেন, “রউফের বিষয়ে অবশ্যই তারা উদ্বিগ্ন এবং এ বিষয়ে তারা বিস্তারিত জানতে চান।”
তিনি বলেন, “আইপিএলে তার নিয়োগের বিষয়ে আমাদের কিছু করার ছিল না। রউফ আইসিসি এলিট প্যানেলের অন্তর্ভুক্ত বিধায় আইপিএল কর্তৃপক্ষই তাকে নিয়োগ দিয়েছে। আইপিএল-এ ম্যাচ পাতানো কেলেংকারীর ইস্যুতে রউফের বিষয়টা আইসিসি এবং ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নিষ্পত্তি করা উচিত বলে আমরা মনে করি। তবে রউফের নাম জড়িয়ে যাওয়ায় আমাদের বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।”
আশরাফ বলেন, “আইসিসির ই-মেইলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে রউফকে বাদ দেয়ার কারণ উল্লেখ করা হয়নি।”
তিনি আরো বলেন, “তারা আমাদের কেবলমাত্র তাকে প্রত্যাহারের বিষয়টি জানিয়েছে। সুতরাং সে (রউফ) কি করেছে আমরা তা জানি না।”
পিসিবি প্রধান বলেন, “আইসিসি যদি রউফের বিরুদ্ধে তাদের কোনো ব্যবস্থা নিতে বলে তবে বোর্ড এ বিষয়ে নজর দেবে।”
তিনি বলেন, “এমন ধরনের জনপ্রিয় টি-২০ লীগে এমন ধরনের বিতর্কের সৃষ্টি হওয়াটা মোটেও ভালো নয়। এ ধরনের ঘটনা পিসিবিসহ ক্রিকেট বিশ্বের জন্য বিপদ সংকেত। কিন্তু আমি আগের মতোই এখনো বলছি এ ধরনের সমস্যা মোকাবেলা করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব নিয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। এ সমস্যা সম্মিলিতভাবে সমাধান করতে হবে এবং একটা বোর্ডের পক্ষে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়।”
আশরাফ বলেন, “আইপিএলের সাম্প্রতিক ঘটনা দর্শকদের ব্যথিত করছে। কারণ জনগণ সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট ম্যাচ দেখতে চায় এবং এ ঘটনা মানুষের মনে পুরো খেলাটি নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে। ক্রিকেটের ভাবমূর্তির জন্য কোনোভাবেই এটা ভালো নয়।
নতুন বার্তা/এসডি/জাই
...