ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “দেশে এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। সরকারি এবং বিরোধী উভয় পক্ষের কর্মকাণ্ডে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। জনগণ দুই নেত্রীর হাত ...
ঢাকা: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আন্দোলনের নামে গরিব মানুষের পেটে লাথি মারবেন না। জ্বালাও-পোড়াও করবেন না। মানুষ হত্যা করবেন না। ...
ঢাকা: ১৮ দলের ডাকা রোববারের হরতাল প্রসঙ্গে জোটের নেতাকর্মীদের উদ্দেশে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, “আগামীকাল (রোববার) বুঝেশুনে কাজ করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের ও জনগণের জানমাল রক্ষার স্বার্থে ...
ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “অন্যথায় এ দাবি আদায়ে স্বেচ্ছায় কারবরণসহ যে কোনো কঠোর কর্মসূচি দিতে আমরা প্রস্তুত আছি।”
তিনি ...
ঢাকা: টিআইবির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, “মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের কোনো ধরনের আপসকামিতা দেখতে চাই না। তিনি মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাস দমনে সরকারকে ...
ঢাকা: দ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও শোষিত মানুষের মুক্তির বার্তা নিয়ে আসা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ...
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, “নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি না মেনে, সরকার জোর করে কোনো নির্বাচন দিতে চাইলে তা করতে দেয়া হবে না।”
ওই ...
ঢাকা: ১৮ দলীয় জোটের ডাকা হরতালের কারণে রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।ওই পরীক্ষা আগামী ৩০ মে হবে।
শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম পরীক্ষা পেছানোর খবরটি ...
ঢাকা: গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
শনিবার আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
চট্টগ্রাম, ...
মুম্বাই: মুম্বাই পুলিশের জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই প্রেসিডেন্ট শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপ্পনের৷ মুম্বাই পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চের দাবি, আইপিএলে বেটিং করার কথা জেরায় স্বীকার করেছেন ময়াপ্পন। এমনকি চলতি আইপিএলে স্পট ফিক্সিংকাণ্ডে ধৃত বলিউড অভিনেতা বিন্দু দারা সিংহ ও ময়াপ্পনের মধ্যে ২৩০ বার ফোনে কথা হয়েছে৷ প্রতিবারই দুজনের কথা শেষে ফোন গেছে কোনো বুকির কাছে৷ তদন্তে জানতে পেরেছে পুলিশ৷ আজ দুপুরে ময়াপ্পনকে কিলা আদালতে তোলা হয়৷তার বিরুদ্ধে জুয়া,প্রতারণা, জালিয়াতির মতো অভিযোগ আনা হবে বলে জানা গেছে। আদালতে তোলার আগে তাকে বিন্দুর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে বলে জানা গেছে।
গত দু’দিনের টানটান চিত্রনাট্যে নতুন মোড়৷ বৃহস্পতিবার চেন্নাইতে গিয়ে ময়াপ্পনকে জেরা করতে পারেনি মুম্বাই পুলিশের বিশেষ দল। পুলিশ ময়াপ্পনের বাড়িতে সমনের নোটিশ ধরিয়ে আসে। পরিস্থিতির গুরুত্ব বুঝে শ্রীনির জামাই হাজিরা দেয়ার জন্য মুম্বাই পুলিশের কাছে সোমবার পর্যন্ত সময় চান। কিন্তু ওই আর্জি খারিজ হয়ে যাওয়ায় শুক্রবার রাতেই মাদুরাই থেকে মুম্বইতে আসেন ময়াপ্পন। বিমানবন্দর থেকেই তাকে হেফাজতে নেয় পুলিশ। অবশেষে রাতে গ্রেফতার করা হয় তাকে। দফায় দফায় জেরায় আইপিএলে বেটিং করতেন বলে স্বীকার করে নিলেন গুরুনাথ ময়াপ্পন৷ মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রে এমনটাই জানা গেছে৷ শ্রীনিবাসনের জামাইয়ের দাবি, বিন্দু দারা সিংহই তাকে বেটিংয়ে নিয়ে আসেন৷ শুক্রবার রাতে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মায়াপ্পনকে গ্রেফতার করে পুলিশ৷
ফিক্সিংকাণ্ডের তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মুম্বাই পুলিশের হাতে৷ পুলিশ সূত্রে খবর, চলতি আইপিএলে এখনও পর্যন্ত বিন্দু ও ময়াপ্পনের মধ্যে ২৩০ বার কথা হয়েছে৷ আর প্রতিবারই দু’জনের কথা শেষে ফোন গেছে দুই বুকি সঞ্জয় জয়পুরি ও জুপিটারের কাছে৷ এ ধরনের ফোনকলের সূত্রে পুলিশ এখন স্পট ফিক্সিংয়েও ময়াপ্পনের ভূমিকা ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
শুক্রবার ময়াপ্পনকে গ্রেফতার করার পর রাতভর তাকে দফায় দফায় জেরা করা হয়৷ বিন্দু দারা সিংহ ও শ্রীনিবাসনের জামাইকে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ জেরায় বিন্দু দাবি করেছেন ময়াপ্পনের নির্দেশেই তিনি বুকিদের সঙ্গে যোগাযোগ করতেন৷
অন্যদিকে, মায়াপ্পনের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে শ্রীনিবাসনের সংস্থা ইন্ডিয়া সিমেন্টস৷ সংস্থার তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, গুরুনাথ চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্টের সাম্মানিক সদস্যমাত্র৷ বিসিসিআইকে তদন্তের সম্পূর্ণ সহযোগিতা করবে ইন্ডিয়া সিমেন্টস্৷ কেউ দোষী সাব্যস্ত হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷
ঢাকা: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান মংলা বন্দরে উন্নয়নে বিশেষ করে বন্দরের ৩ এবং ৪ নম্বর জেটির উন্নয়নে এগিয়ে আসতে বেসরকারি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সরকারি এবং বে-সরকারি উদ্যোগে যৌথভাবে দেশের উন্নয়ন ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি শনিবার রাজধানীর একটি হোটেলে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে মংলা বন্দরের দু’টি জেটির উন্নয়ন সংক্রান্ত বিনিয়োগ প্রমোশন সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আইপি এফএফ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশের ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এইচআর ভূইঁয়া ও বিশ্বব্যাংকের ফাইনান্সিয়াল সেক্টর বিশেষজ্ঞ একেএম আব্দুল্লাহ।
মংলা বন্দর কর্তৃপক্ষ, পিপিপি অফিস এবং বাংলাদেশ ব্যাংকের আইপি এফএফ প্রজেক্ট যৌথভাবে এ নিবিড় প্রমোশন সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, “মংলা বন্দরের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” এ সরকারের সময়ে মংলা বন্দরকে অলাভজনক অবস্থান থেকে লাভজনক করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শাজাহান খান বলেন, “মংলা বন্দরে বড় ধরনের জাহাজ ভিড়ানোর লক্ষ্যে নাব্যতা বজায় রাখতে সারাবছর ড্রেজিং কার্যক্রম চালাতে ৬২ বছর পর একটি ড্রেজার সংগ্রহ করা হয়েছে।” আরও একটি ড্রেজার সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, “মংলা বন্দরের উন্নয়নের জন্য বন্দরের হারবার চ্যানেল, পশুর চ্যানেলের ক্যাপিটালস এলাকার ড্রেজিংসহ অন্যান্য আনুসাঙ্গিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।” তিনি বলেন, “বন্দরের ৩ ও ৪ নম্বর জেটির উন্নয়ন হলে বন্দরের পণ্য হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি পাবে। মংলা বন্দরের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে।”
ঢাকা: দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা এবং আমার দেশ পাবলিকেশন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগমের বিরুদ্ধে করা মামলা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বুধবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৩ মে মাহমুদা বেগম মামলা বাতিলে এ আবেদন করেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ১৩ এপ্রিল রাতে রমনা থানায় দৈনিক সংগ্রামের ছাপাখানায় বেআইনিভাবে দৈনিক আমার দেশ ছাপানোর অভিযোগে মামলাটি করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রকাশনা) নাসরিন সুলতানা। মামলায় মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম ছাড়াও আসামি করা হয় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে।
প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট ১৯৭৩ এর ৩২ ও ৩৩ ধারা অনুযায়ী এ মামলা করা হয়।
ইতিমধ্যে এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন মাহমুদা বেগম এবং আবুল আসাদ।
জামিন আবেদনে বলা হয়েছিল, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের পর সম্পূর্ণ অবৈধভাবে পত্রিকাটির প্রিন্টিং প্রেস সিলগালা করে দেয়া হয়। সরকার নতুন করে আমার দেশ পত্রিকার ডিক্লারেশন বাতিল করেনি। ডিক্লারেশন আছে এমন একটি অনুমোদিত পত্রিকা যদি কোনো কারণে নিজ ছাপাখানায় পত্রিকা ছাপাতে না পারে, তাহলে প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন)-১৯৭৩ আইনের ১০ ধারা অনুযায়ী অন্য ছাপাখানায় ছাপাতে পারে। সে কারণে আমার দেশ পত্রিকা আল ফালাহ প্রিন্টং প্রেসে ছাপানো হয়েছে। এই পত্রিকা ছাপানোর বিষয়টিও গোপন করা হয়নি। পত্রিকাটির প্রিন্টার্স লাইনে তা উল্লেখ করা হয়েছিল এবং ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়কে অবহিত করা হয়েছে। তাই প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) আইনের ৩২ ও ৩৩ ধারায় যে মামলা করা হয়েছে, তা চলতে পারে না।’
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহসহ নানা অভিযোগে গত ১১ এপ্রিল দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়।
ঢাকা: ১৮ দলের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার অথবা রাজধানী ঢাকাকে হরতালের আওতামুক্ত রাখার আহবান জানিয়ে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে চিঠি দিয়েছে দেশের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
শুক্রবার রাতে ডিসিসিআইয়ের সচিব (ভারপ্রাপ্ত) বশির হায়দার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে ঢাকা চেম্বারের পক্ষ থেকে বলা হয়েছে যে, আগামী ২৬ মে রোববার ‘US-Bangladesh Partnership Dialogue: Private Sector Forum’ শীর্ষক একটি দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে ডিসিসিআই। এ অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৪০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। প্রতিনিধি দলে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিকাল আন্ডার সেক্রেটারি উইন্ডি শারমেনসহ ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ফর এনার্জি ট্রান্সফর্মেশন ড. রবার্ট আইকর্ড, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্স জোসে ফার্নান্দেজ, ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ফর ডেমোক্রেসি, হিউমেন রাইটস্ অ্যান্ড লেবার কেরেন হানরাহান প্রমূখ উপস্থিত থাকবেন।
ঢাকা চেম্বারের আয়োজনে এ ফোরামে চারটি ওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়েছে। বর্তমান আর্থ-সামাজিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের আলোকে দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ডিসিসিআই অত্যন্ত দায়িত্ব নিয়ে দীর্ঘ দিনের প্রচেষ্টায় এ ধরনের একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী অনুষ্ঠানের আয়োজন করেছে।
ডিসিসিআই খালেদা জিয়াকে জানায়, “বর্তমানে তৈরি পোষাক শিল্পের সংকট এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান সমস্যা নিরসনে এ ধরনের একটি দ্বি-পাক্ষিক অনুষ্ঠান ফলপ্রসু ভূমিকা রাখবে বলে ডিসিসিআই মনে করে।”
“ডিসিসিআই ফলপ্রসু সংলাপের মাধ্যমে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে সব সময় মতামত প্রদান করে আসছে। সুষ্ঠু সমাধানের মাধ্যমে পুরো জাতিকে শঙ্কামুক্ত করতে সরকারের কাছে ডিসিসিআই সব সময় দৃঢ়ভাবে অনুরোধ জানিয়েছে আসছে।”
চিঠিতে উল্লেখ করা হয়, “ঢাকা চেম্বার প্রতিনিয়ত এ দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামসহ বিভিন্ন দেশ এ দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। ঢাকা চেম্বার এ সকল বিদেশি বিনিয়োগকারীদের আমাদের দেশে বিনিয়োগে সম্পৃক্ত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।”
“ঢাকা চেম্বার মনে করে, এ ধরনের উদ্যোগে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের এতো উচ্চ পর্যায়ের এবং বৃহৎ প্রতিনিধিদল ঢাকা চেম্বারে এসে দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে। এ অবস্থায় আগামী রোববারে হরতাল কর্মসূচি এ প্রয়াসকে বাধাগ্রস্ত করবে বলে ডিসিসিআই আশঙ্কা প্রকাশ করছে।”
এ অবস্থায় জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটির সার্থকতা বিবেচনায় নিয়ে আগামী ২৬ মে রোববারের আহ্বানকৃত ১৮ দলীয় ঐক্যজোটের হরতালটি প্রত্যাহারের জন্য ঢাকা চেম্বার বিরোধী দলীয় নেত্রীকে আহ্বান জানিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কবি পরিবারের সদস্যরা।ছবি: নতুন বার্তা, ২৫ মে ২০১৩
ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছেন প্রধানমন্ত্রীসহ অন্য অতিথিরা। ছবি: নতুন বার্তা/২৫ মে ২০১৩।
ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী। ছবি: নতুন বার্তা/২৫ মে ২০১৩।
ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী। ছবি: নতুন বার্তা/২৫ মে ২০১৩।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স সমাপনী (তৃতীয় ব্যাচ) স্মারক ‘সারথি’র মোড়ক উন্মোচিত হয়েছে।
শনিবার দুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গিয়াস উদ্দিন মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সারথি’র সম্পাদক আনোয়ার হোসাইন সাগর।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. গিয়াস উদ্দিন মোল্লা বলেন, “পড়ালেখার পাশাপাশি মুক্তবুদ্ধি চর্চার অন্যতম মাধ্যম হলো সংস্কৃতির চর্চা। ‘সারথি’প্রকাশের মাধ্যমে তোমরা সেই কাজটিই করেছ। আমি তোমাদের স্মারক দেখে খুবই উৎসাহিত হয়েছি।”
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তবুদ্ধির চর্চা কমে যাচ্ছে। তোমরা যদি নিয়মিত এ ধরনের স্মারক প্রকাশ করো তাহলে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আরো বাড়বে।”
আনোয়ার হোসাইন সাগর বলেন, “বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করার পর আমরা এ প্রিয় ক্যাম্পাস ছেড়ে চলে যাব, প্রবেশ করব কর্মজীবনে। সেইসময় এই ‘সারথি’ ক্যাম্পাসের স্মৃতি হয়ে আমাদের হৃদয়কে উদ্ভাসিত করবে।”
‘সারথি’ সম্পাদনায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ‘সারথি’র আহ্বায়ক ম. সাইফ উদ্দিন বাবু, নির্বাহী সম্পাদক তানিম ইশতিয়াক, জাকির হোসাইন, রাশেদুল ইসলাম ও এনামুল হক।
লন্ডন: বৃটেনে নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশী নাগরীক মোঃ ফারুক চৌধুরী। তিনি যুক্তরাজ্যের ব্রিস্টল সিটি কাউন্সিলের নির্বাচিত লর্ড মেয়র হিসাবে নির্বাচিত হন।
গত ২১ মে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেন। জাকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিদায়ী মেয়র পিটার মেইন তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। ব্রিস্টল সিটি কাউন্সিলের ইতিহাসে এই প্রথম কোনো বাঙালি তথা এশিয়ান লর্ড মেয়র হিসাবে নির্বাচিত হলেন। বাংলাদেশী নাগরিক ফারুক চৌধরীর এই বিজয়ের মধ্য দিয়ে বিলেতে বাঙালির গৌরবে আরেকটি পালক যুক্ত হলো।
১১৪ বছরের ব্রিস্টল সিটি কাউন্সিলের ইতিহাসে প্রথম কোনো এশিয়ান এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত হলেন। ফারুক চৌধুরী ১৯৯৯ সাল থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন। এই অল্প সময়ে তার এই অর্জন বৃটিশ বাংলাদেশী কমিউনিটির জন্য এক মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করেন অনেকেই।
আনুষ্টানিক দায়িত্ব গ্রহণকালে ফারুক চৌধুরী বলেন, “বিশ্বের মানচিত্রে ক্ষুদ্র একটি দেশ বাংলাদেশ। এর মধ্যে এক ছোট গ্রাম থেকে আমি এসেছি। আমার আজকের এই সফলতা স্থানীয় বাঙালি কমিউনিটি ও স্থানীয় জনগণের জন্যই সম্ভব হয়েছে শুধু ব্রিস্টল নয় সব বাংলাদেশীকে আমার এই অর্জন আমি উৎসর্গ করছি।আগামী দিন গুলোতে আমি সুবিধাবঞ্ছিত শিশুদের জন্য বিশেষভাবে কাজ করবেন বলে তিনি জানান।
ফারুক চৌধুরী সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন, ব্যক্তিগত জীবনে এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক তিনি।
উল্লেখ্য ২০০৭ সালে প্রথম তিনি লেবার পার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ১৮৩০ সালে ব্রিস্টলে প্রথম এশিয়ান এসেছিলেন রাজা রাম মোহন রায়। ব্রিস্টল সিটি কাউন্সিল শ্রদ্ধাভরে এখনও ধরে রেখেছে রাজা রাম মোহন রায়ের অনেক স্মৃতি। কাউন্সিল অফিসের সামনে নির্মাণ করা হয়েছে তার ভাস্কর্য, তার নামে করেছে স্থানীয় রাস্তার নামকরণ। সেই পথ ধরেই ইতিহাসকে সঙ্গে নিয়ে আরেক ইতিহাস গড়লেন ফারুক চৌধুরী।
ইসলামাবাদ: ভালো আচরণের স্বীকৃতিস্বরূপ মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে পাকিস্তান শুক্রবার ৪৫ জন ভারতীয় জেলের মুক্তি দিয়েছে।
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মির হাজার খান খোসো গত সপ্তাহে তাদের এই ভালো আচরণের কথা জানান।
সিনহুয়া জানায়, ৪৫ জনের প্রত্যেকেই করাচিতে বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে থেকে এই শাস্তি ভোগ করে। তাদের বাসে করে লাহোরে নিয়ে আসার পর ওয়াহগা সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
তাদের মুক্তি দেয়ার সময় খোসো বলেন, “তিনি আশা করেন, ভারতের জেলে আটকে থাকা মেয়াদ পূর্ণ করা বন্দীদের মুক্তি দেয়ায় নয়া দিল্লি এর প্রতিদান দেবে।
আইএএনএস জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় বন্দী হস্তান্তরের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার পদক্ষেপ গ্রহণ করে। সংবাদ মাধ্যমটি আরো জানায়, পাকিস্তানের কারাগারে ৪৮২ জন ভারতীয় বন্দী ও ভারতের কারাগারে ৪৯৬ জন পাকিস্তানি বন্দী রয়েছে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, ভারত ও পাকিস্তান প্রায়ই তাদের সমুদ্র সীমায় অবৈধভাবে প্রবেশের দায়ে জেলেদের আটক করে থাকে।
কলকাতা: সারদা গোষ্ঠী পরিচালিত সম্প্রতি লাটে ওঠা দুই টিভি চ্যানেলকে অধিগ্রহণের যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তা ব্যুমেরাং হতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লি থেকে মন্ত্রণালয়ের এক শীর্ষ আমলা জানিয়েছেন, “পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে চ্যানেল অধিগ্রহণ করতে চেয়ে কোনো আবেদন বা অনুরোধ বা সিদ্ধান্ত আমরা পাইনি। কিন্তু বলে রাখা ভালো যে, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুসারে এবং সাংবিধানিক এক্তিয়ার অনুসারে কোনো রাজ্য সরকার কখনোই কোনো টিভি চ্যানেল অধিগ্রহণ করতে পারে না। কোনো রেডিও স্টেশনও পরিচালনা করতে পারে না। এটা টেলিকম রেগুলেটরি অথরিটি অফইন্ডিয়া এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনেক আগে থেকেই নেয়া সিদ্ধান্ত। এটা আইন ও নিয়ম। এটা সবাই মানতে বাধ্য। কোনো রাজ্য সরকার কোনো কারণেই কোনো চ্যানেল চালাতে পারে না। এর আগে মধ্যপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব ও মহারাষ্ট্র সরকারের আবেদনও আমরা খারিজ করেছিলাম।”
তিনি বলেন, নিয়মটা ভালো করেই জেনে রাখা ভালো, কোনো সরকার কোনো সংস্থা বা কোম্পানি নয়, যে সে বাণিজ্যিক মুনাফার জন্য কোনো চ্যানেল চালাতে পারবে। কোনো অর্ডিন্যান্স জারি করেও কোনও চ্যানেল অধিগ্রহণ করা যায় না। সেটা সংবিধান ও দেশের আইন লঙ্ঘনের পর্যায়ের পড়বে।
প্রসঙ্গত, তারা টিভি ও তারা মিউজিক-এর কর্মীদের আবেদনে সাড়া দিয়ে ওই দুটি দেউলিয়া চ্যানেল অধিগ্রহণ করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। দুই চ্যানেলের ১৬৮ জন কর্মীর প্রত্যেককে ১৬ হাজার টাকা করে মাসিক অনুদান দেয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এরপর থেকেই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ও প্রশ্ন উঠতে শুরু করে। কারণ, সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া রাজ্যের বহু খবরের কাগজ ও টিভি চ্যানেলের কর্মীরা সবাই যদি একই অনুরোধ নিয়ে নাছোড়বান্দা হন তখন মুখ্যমন্ত্রী কি সবাইকেই মাইনে দিয়ে রাখবেন? বলা বাহুল্য, ওই সংবাদমাধ্যমগুলির বেশিরভাগই ভুঁইফোঁড় অর্থলগ্নীকারী সংস্থার টাকায় চলতো। সূত্র: ওয়েবসাইট।
ঢাকা: সর্বশেষ প্রকাশিত টিআরপিতে মিশ্র ঘরাণার চ্যানেলগুলোর মধ্যে সংবাদ শাখায় শীর্ষে চলে এসেছে দেশটিভি আর সংবাদভিত্তিক চ্যানেলগুলোর মধ্যে এ তালিকায় শীর্ষে রয়েছে একাত্তর। চলতি বছরের ২০তম সপ্তাহের (১১-১৭ মে) টিআরপির জিপিআই (জেনরে পারফরমেন্স ইনডেক্স) বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
১৪১ জিপিআই নিয়ে মিশ্র ঘরাণার চ্যানেলগুলোর মধ্যে সংবাদ শাখায় শীর্ষে রয়েছে দেশটিভি। এনটিভি এ তালিকার দ্বিতীয় চ্যানেল। এর জিপিআই রেকর্ড করা হয়েছে ১৩৪ ।
১২৬ জিপিআই নিয়ে জিটিভির অবস্থান ৩। ৪ নম্বরে রয়েছে চ্যানেল টোয়েন্টিফোর। এর জিপিআই ১২৩।
আরটিভি রয়েছে ৫ নম্বরে। জিপিআই ১২১। ১১৩ জিপিআই নিয়ে এটিএন বাংলা রয়েছে ৬ নম্বরে।
তালিকার ৭ নম্বরে রয়েছে বাংলাভিশন। এর জিপিআই ১০৮। ৮ নম্বরে রয়েছে একুশে টেলিভিশন। জিপিআই ১০৩।
৯৬ জিপিআই নিয়ে চ্যানেল আই রয়েছে ৯ নম্বরে। ১০ নম্বরে অবস্থান নিয়েছে এসএটিভি। এর জিপিআই ৮১।
৮০ জিপিআই রেকর্ড করা হয়েছে মাইটিভির। এটি রয়েছে ১১ নম্বরে।বৈশাখী টিভি রয়েছে ১২ নম্বরে।এর জিপিআই ৫৯ । ৫০ জিপিআই নিয়ে মাছরাঙা রয়েছে ১৩ নম্বরে। ১৪ নম্বরে রয়েছে এশিয়ান টিভি। এর জিপিআই ৪৭।
৪০ জিপিআই রেকর্ড করা হয়েছে বিটিভির। এটি রয়েছে ১৫ নম্বরে। চ্যানেল নাইনের জিপিআই ৮ । এর অবস্থান ১৬।
এদিকে, সংবাদভিত্তিক চ্যানেলগুলোর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে একাত্তর। এর জিপিআই ১২০। ১০৪ জিপিআই নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে এটিএন নিউজ।
সময় টিভি রয়েছে ৩ নম্বরে। এর জিপিআই ৯৮। তালিকার সর্বশেষ চ্যানেল ইন্ডিপেনডেন্ট। জিপিআই ছিল ৭৮।
মুম্বাই: আপকামিং ‘কামসূত্র থ্রিডি’ ছবির আমন্ত্রণেই গিয়েছিলেন ‘কান চলচ্চিত্র উৎসব’ এ শার্লিন সহ ছবির পরিচালক ও অন্যান্যরা। আর কান চলচ্চিত্র উৎসবেই পরিচালক রুপেশ পাল ঘোষণা করলেন এ ছবির অভিনেতার নাম। শার্লিনের রোমান্সের নতুন তারকা মডেল কিং মালখান।
যদিও বোল্ড চরিত্রে অভিনয়ের জন্য অভিনেতা নির্বাচন ক্ষেত্রটা একটু জটিল। কারণ বোল্ড চরিত্রে অভিনয়ের জন্য ২০ জন অভিনেত্রীর সন্ধান মেললেও এর বিপরীতে নামকরা একজন অভিনেতাকেও খুঁযে পাওয়া যায়নি, এমনটাই জানালেন ছবির পরিচালক পাল।
বোল্ড অভিনয়ের তালিকায় শর্ট লিস্টে পাঁচ জনের মধ্যে মাল খান ছিলেন সবচেয়ে আকর্ষণীয়। যদিও তিনি প্রথমে বোল্ড অভিনয়ের জন্য কয়েকটা শর্ত জুঁড়ে দিয়েছিলেন। যাই হোক রুপেশ অবশেষে ‘কামসূত্র থ্রিডি’ কাঙ্গিত পুরুষকে পেলেন।এ তারকাকে রুপালি পর্দায় রোমান্সে জড়াবেন শার্লিনের সঙ্গে। সূত্র:জিনিউজ।
ঢাকা: সাইবার নিরপত্তার বিষয়ে কারিগরি দক্ষতা বাড়ানোর সঙ্গে সঙ্গে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন প্রযুক্তিবিদরা।
ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চাপ্টার ও এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) এর যৌথ আয়োজনে চারদিনের আইপিভি৬ ও নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ক কর্মশালায় বক্তারা এমন মত ব্যক্ত করেন।
গত ২১-২৪ মে ঢাকার রমনাস্থ ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন ক্লাবে (ইআরসি) অনুষ্ঠিত কর্মশালার সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইএসপি এসোসিয়েশন অফ বাংলাদেশের (আইএসপিএবি) সাবেক সহ-সভাপতি ফাইবার এট হোমের চিফ স্ট্যাস্টেজিক অফিসার (সিএসও) সুমন আহমেদ সাবির, এপনিকের সিনিয়র কমিউনিটি এনগেইজমেন্ট স্পেশালিস্ট শ্রীনিভাস চেন্ডী, ঢাকা কমের সিটিও মোহাম্মদ ফখরুল আলম, জুনিপার নেটওয়ার্কেস এর সলিউশ্যন আর্কিটেক্ট মোঃ খালেদুজ্জামান, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সভাপতি ড. সৈয়দ ফয়সাল হাসান, সহ-সভাপতি রহমান খান জন ও মোহাম্মদ কাওছার উদ্দীন, সাধারণ সম্পাদক রবিউল আলম, কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গির হোসেইন এবং কর্মশালার প্রশিক্ষক এপনিকের সিনিয়র ট্রেনিং স্পেশালিস্ট নুরুল ইসলাম (রোমান)।
সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনি অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যতে কানেক্টিভিটি বাড়ানোর জন্য আইপিভি ছয় ডেপলয়মেন্ট খুব জরুরি। বাংলাদেশে এ বিষয়ে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ নেয়া উচিত। তারা আরো বলেন, গত কয়েক মাস ধরে সাইবার নিরপত্তা এবং কম্পিউটার নেটওয়ার্ক নিরাপত্তা বাংলাদেশে বহুল আলোচিত একটি বিষয়। যেহেতু প্রতিদিন নতুন নতুন ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে ফলে নিরপত্তার বিষয়ে কারিগরি দক্ষতা বাড়ানোর সঙ্গে সঙ্গে সচেতনতাও বৃদ্ধি করতে হবে।
কর্মশালায় গণমাধ্যম, আর্থিক প্রতিষ্ঠান, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক তথ্যপ্রযুক্তি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে লটারির মাধ্যমে একজন অংশগ্রহণকারীকে ওয়ালটনের সৌজন্যে একটি স্মার্টফোন দেয়া হয়।
এই কর্মশালার ব্যান্ডউইডথ স্পন্সর ছিল ফাইবার এট হোম।
নিউ ইয়র্ক: গৃহস্থালি কাজে এখন প্লাস্টিকের পাত্র এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বললেই চলে। সামান্য ফলমূল কিংবা পানি থেকে শুরু করে যেকোনো খাবার রাখতে প্লাস্টিকের পাত্রের ব্যবহার বেড়ে গেছে। তবে বিজ্ঞানীরা বলছেন, প্লাস্টিকের রাসায়নিক উপাদান খাবারের সঙ্গে মিশে আমাদের রক্তচাপকে বাড়িয়ে দিচ্ছে। আর উচ্চ রক্তচাপ মানে হৃদরোগসহ ভয়ানক সব রোগের কারণ।
আমেরিকার চিকিৎসাবিজ্ঞানীরা নতুন এক গবেষণা শেষে প্লাস্টিকের পাত্র নিয়ে এ হুঁশিয়ারি জানান। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গন মেডিকেল সেন্টার, ওয়াশিংটন ইউনিভার্সিটি ও পেন স্টেট ইউনিভার্সিটি মেডিকেল স্কুলের গবেষকরা ১৩ থেকে ১৯ বছর বয়সী তিন হাজার শিশু-কিশোরের ওপর একটি জরিপ চালান। তারা প্রথমবারের মতো প্লাস্টিকের পাত্রে রাখা খাবার গ্রহণ ও এর সঙ্গে রক্তচাপের সম্পর্ক পরীক্ষা করে দেখেন।
গবেষকরা জানান, খাবার ও পানীয় প্যাকেট বা বোতলজাত করতে যেসব প্লাস্টিক ব্যবহার করা হয়, সেসব প্লাস্টিকের মূল উপাদান থ্যালেট বা ডাই-এথিহেক্সিলপথ্যালেট। দেখা গেছে, খাবারের সঙ্গে মিশে গিয়ে ওই ডাই-এথিহেক্সিলপথ্যালেট শিশুদের রক্তচাপ বাড়িয়ে দেয়। শিশুদের মূত্র পরীক্ষা করে থ্যালেটের পরিমাণ নিরূপণ করা হয়।
এ নিয়ে জার্নাল অব পেডিয়াট্রিকে প্রকাশিত গবেষণা প্রবন্ধে গবেষক দলের অন্যতম নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গন মেডিকেল সেন্টারের চিকিৎসাবিজ্ঞানী লিওনার্দো ট্রাসান্দে বলেন, থ্যালেট হৃদকোষের কার্যক্রম বাধাগ্রস্ত করে এবং অক্সিডেটিভ চাপ বাড়িয়ে দেয়। তবে ঠিক কী কারণে থ্যালেট রক্তচাপকে বাড়িয়ে দিচ্ছে, তা এখনো নিরূপণ করতে পারেননি তারা। সূত্র: জিনিউজ।
ঢাকা: রাজধানীর প্রধান ডাকঘর জিপিও মিলনায়তনে শুরু হয়েছে খ্রিস্টপূর্ব আমল থেকে বিভিন্ন সভ্যতা ও সমকালীন বিশ্বের মুদ্রার প্রদর্শনী। বৃহস্পতিবার সকালে জিপিও মিলনায়তনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তিন দিনের এই মুদ্রা প্রদর্শনীর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী বলেন, বাঙালি যে একটি প্রাচীন ও সভ্য জাতি, এ অঞ্চলের মুদ্রার ইতিহাস দেখলেই তা বোঝা যায়। এ অঞ্চলের মুদ্রার বৈচিত্র্যই এ জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।
তাই ইতিহাস জানার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ইতিহাস জানার ক্ষেত্রে মুদ্রা সহায়ক ভূমিকা পালন করবে। মুদ্রার ইতিহাস মুছে ফেলা কারো পক্ষে সম্ভব নয়। মুদ্রা ইতিহাস ধারণ করে।
প্রদর্শনী কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, ২৩ থেকে ২৫ মে পর্যন্ত মুদ্রা প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা। এতে ২৪ জন সংগ্রাহক তাদের মুদ্রা প্রদর্শন করছেন। প্রদর্শনীতে প্রায় আড়াই হাজার বছর আগের মুদ্রা থেকে শুরু করে বর্তমান সময়ের নানা প্রান্তের সহস্রাধিক মুদ্রা প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীতে খ্রিস্টপূর্ব আমল থেকে চীনা মুদ্রা, এ অঞ্চলের শাসক সম্রাট শশাঙ্কের আমলের স্বর্ণমুদ্রা, ভারতীয় উপমহাদেশের মুসলমানদের প্রথম আগমনকালের মুদ্রা, খলিফা মালেক বিন মারওয়ানের মুদ্রা, আব্বাসীয় মুদ্রা, উমাইয়া খিলাফতের মুদ্রা, মিসরের ফাতেমি মুদ্রা, ভারতের হাবসি সম্রাট ইলতুতমিসের মুদ্রা, মোগল আমলের দিল্লি শাহির মুদ্রা, ভারতে পর্তুগিজ, ওলন্দাজ, ডাচ, ফ্রেন্স ও সর্বশেষ ইংরেজ আমলের মুদ্রা, পাকিস্তান আমলের ও স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বিভিন্ন মূল্যমানসহ পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা প্রদর্শন করা হচ্ছে।
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক ও বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় এ মুদ্রা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি।
বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন, আইএফআইসি ব্যাংকের উপপরিচালক আবদুল কাদের খান, বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটির সভাপতি অমলেন্দু সাহা, সাধারণ সম্পাদক এম এ কাশেম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।